কোকেন আমদানির ঘটনায় ঢাকায় গ্রেফতার হওয়া তিনজনকে ১০ দিনের রিমান্ডে নিয়েদের অনুমতি দিয়েছেন চট্টগ্রাম আদালত।
বৃহস্পতিবার মহানগর হাকিম ফরিদুল আলমের আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক এ রিমান্ড মঞ্জুর করেন।
গত মঙ্গলবার রাজধানীর বিভিন্নস্থান থেকে কোকেন আমদানির ঘটনায় জড়িত থাকার অভিযোগে শুল্ক গোয়েন্দা অধিদফতর ওই তিনজনকে গ্রেফতার করে। তারা হলেন- গার্মেন্ট পণ্য রফতানিকারক প্রতিষ্ঠান মণ্ডল গ্রুপের বাণিজ্যিক নির্বাহী আতিকুর রহমান, কসকো বাংলাদেশ শিপিং লাইনস লিমিটেডের ব্যবস্থাপক (করপোরেট, বিক্রয় ও বিপণন) এ কে আজাদ এবং একটি ডেভেলপার কোম্পানির কর্মকর্তা মোস্তফা কামাল।
উল্লেখ্য, গত ৬ জুন রাতে বন্দরে কোকেন সন্দেহে একটি কনটেইনার সিলগালা করে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। এরপর ৮ জুন এটি খুলে ১০৭টি ড্রামের প্রতিটিতে ১৮৫ কেজি করে সান ফ্লাওয়ার তেল পাওয়া যায়। তেলের নমুনা প্রাথমিক পরীক্ষা করে কোকেনের অস্তিত্ব পাওয়া না গেলে উন্নত ল্যাবে একটি ড্রামে তরল কোকেনের অস্তিত্ব পাওয়া যায়।
এরপর ২৮ জুন নগরীর বন্দর থানার উপ-পরিদর্শক ওসমান গনি বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ এর ১(খ) ধারায় ‘আমদানিকারক’ প্রতিষ্ঠান খান জাহান আলী লিমিটেডের চেয়ারম্যান নূর মোহাম্মদ ও সোহেলকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
জেআই





