রাজধানীর চকবাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত যাওয়া ৮১ জনের মধ্যে যাদের শনাক্ত করা গেছে তাদের মরদেহ হস্তান্তর করা হচ্ছে।
ঢাকা জেলা প্রশাসনের মাধ্যমে আজ (২১ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে মরদেহ হস্তান্তর শুরু হয়। প্রথমে দেওয়া হয় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নূর মোহাম্মদের ছেলে কামাল হোসেনের (৫০) মরদেহ। মরদেহটি গ্রহণ করেন তার ছোট ভাই দেলওয়ার হোসেন। কামাল থাকতেন পুরান ঢাকায় চুড়িহাট্টা উর্দু রোড।
এখন পর্যন্ত ৪১ জনের মরদেহ শনাক্ত করা গেছে। এর মধ্যে দুজন নারী, দুই শিশুসহ ৩৭ জন পুরুষ রয়েছেন। দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এই লাশগুলো শনাক্ত করা হয়।
৪১ লাশের পরিচয় শনাক্ত করা গেছে, তারা হলেন- রাজু (৩০), তার ভাই মাসুদ রানা (৩৫), সিদ্দিকুল্লাহ (৪৫), আব বকর সিদ্দিক (২৭), আলী মিয়া (৭৫), মোশাররফ হোসেন (৩৮), কামাল হোসেন (৫২), ইয়াসিন খান রনি (৩২), জুম্মন (৬৫), এনামুল হক (২৮), মজিবর হাওলাদার (৪৫), মুফতি ওমর ফারুক (৩৫), মোহাম্মদ আলী (৩২) ও তার ভাই আবু রায়হান (৩১), তার ছেলে আরাফাত (০৩), ইমতিয়াজ ইমরোজ (২৪), হেলাল (৩০), ওয়াফিউল্লাহ (২৫), সোনিয়া (২৮), স্বামী মিঠু (৩৫), তাদের ছেলে শাহিদ (০৩), রহিম দুলাল (৪৫), হিরা, নাসির, মঞ্জু, আনোয়ার, কাওচার, শায়লা খাতুন, আরমান হোসেন রিমন, মামুনুর রশীদ, আবু তাহের, রুবেল হোসেন, সৈয়দ সালাউদ্দিন, মুসা, ইলিয়াস মিয়া, মিজানুর, আসিফ, মো. হোসেন বাবু, খলিলুর রহমান সিরাজ, নূর ইসলাম হানিফ এবং নবীউল্লাহ খান।
এছাড়া অন্য লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে ঢামেক সূত্রে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার মো. ইমরুল হাসান জানান, যাদের মরদেহ শনাক্ত করা গেছে তাদের মরদেহ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হচ্ছে। তবে যাদের শনাক্ত করা যাচ্ছে না তাদের মরদেহ ময়নাতদন্ত ও ডিএনএ টেস্টের পর হস্তান্তর করা হবে।
বুধবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০টার পর রাজধানীর চকবাজার এলাকার নন্দকুমার দত্ত সড়কের চুরিহাট্টা মসজিদ গলির রাজ্জাক ভবনে আগুন লাগে। রাত ১টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে আগুন ভয়াবহ আকারে আশপাশের ৫টি বিল্ডিংয়ে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৩২টি ইউনিট রাত ৩টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আগুনে পুড়ে এখন পর্যন্ত ৮১ জন নিহত হয়েছে। এই সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুড়ে যাওয়া লাশগুলো শনাক্ত করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এখনো অনেকে নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের সন্ধানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভিড় করেছেন স্বজনরা।
এমবি





