উবাকিয়া পদ্ধতির মাধ্যমে পুরুষ মশা দিয়ে নারী এডিস মশার প্রজনন ক্ষমতা বন্ধ করা হবে। আর এভাবেই এডিস মশা নির্মূলের মাধ্যমে রাজধানীসহ সারা দেশে ডেঙ্গু মোকাবিলা করা হবে।
আর নতুন এ উদ্যোগকে সহযোগিতা করবে অস্ট্রেলিয়া সরকারের অলাভজনক প্রতিষ্ঠান সিএসআইআরও।
আজ রোববার (২২ সেপ্টম্বর) বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের সঙ্গে সিএসআইআরও’র তিন সদস্যের একটা প্রতিনিধি দল সাক্ষাৎ করে।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাঈদ খোকন বলেন, একটি বিশেষ ধরণের মশার সঙ্গে স্ত্রী এডিস মশার মিলন ঘটলে সেটি বন্ধ্যা হয়ে যায়। বিশ্বের অনেক দেশে এ প্রযুক্তি ব্যবহার হয়। সিএসআইআরও এটির সম্ভব্যতা যাচাই করবে।
তিনি আরও বলেন, ওই পদ্ধতির নাম ওভাকিয়া। এটা বায়োকেমিক্যাল ও অর্টিফিশিয়াল একটি পদ্ধতি। বিশেষ ওই পুরুষ মশা এডিস স্ত্রী মশার সঙ্গে মিলন করলে তার প্রজনন ক্ষমতা ধীরে ধীরে কমে যাবে। মানে ওই স্ত্রী মশা বন্ধ্যা হয়ে যাবে।
সিএসআইআরও প্রতিনিধি দলে থাকা ডানা ওং কিখি বলেন, এ প্রযুক্তিতে খরচ খুব কম। এটি পরিবেশের জন্য খুব ভালো। এ প্রযুক্তি ব্যবহার করলে কেমিক্যালের ব্যবহার কমে যাবে। এতে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে।
এএস





