রাজধানীর বাজারগুলোতে সপ্তাহের ব্যবধানে হঠাৎ বেড়েছে সবজি ও পেঁয়াজের ঝাঁজ। খুচরা বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরণের সবজি। একই সঙ্গে চলতি সপ্তাহে পেঁয়াজের দামও কেজিতে বেড়েছে পঞ্চাশ টাকা।

শুক্রবার রাজধানীর কারওয়ানবাজার, হাতিরপুল, পলাশী, নিউমার্কেট অঞ্চলের বিভিন্ন বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।

বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, অক্টোবর মাসের শেষের দিক থেকে বাজারে শীতের সবজি আসা শুরু সত্বেও কমেনি সবজির দাম। নতুন করে কিছু সবজির দাম বাড়ায় চারটি সবজির কেজি বিক্রি হচ্ছে একশ টাকা বা তার বেশি দামে। দুয়েকটি বাদে বাকি সবগুলোর দামও একশ টাকার কাছাকাছি। সবজির এমন দাম শুনে বিরক্ত হচ্ছেন সব শ্রেণি-পেশার মানুষ।

অন্য়দিকে অনেকটা পাগলা ঘোড়ার মতোই যেন ছুটছে পেঁয়াজের দাম। কারণ গত এক সপ্তাহে পেঁয়াজের দাম তিন দফা বেড়েছে। ফলে বেশিরভাগ বাজারেই পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজি। সবজি ও পেঁয়াজের এমন দামে অনেকটাই দিশেহারা অবস্থা নিম্ন আয়ের মানুষদের।সপ্তহের ব্য়বধানে পিয়াজের দাম বেড়েছে প্রায় ৫০ টাকা।

পিয়াজের উর্ধমুখী দামের বিষয়ে খুচরা ব্যবসায়ীরা জানিয়েছেন, শ্যামবাজারের ব্যবসায়ীরা প্রতিনিয়ত পেঁয়াজের দাম বাড়াচ্ছেন। গত এক সপ্তাহে পেঁয়াজের দাম বেড়েছে তিন দফা। প্রথম দফায় কেজিতে ১০ টাকা এবং পরের দুই দফায় কেজিতে ২০ টাকা করে পেঁয়াজের দাম বাড়ানো হয়েছে। এতে এক সপ্তাহে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ৫০ টাকা।

নতুন করে দাম বেড়ে বেগুনের কেজি কিছু কিছু বাজারে ১০০ টাকায় উঠেছে, যা আগের সপ্তাহে ছিল ৬০-৭০ টাকা কেজি। তবে এখনও কিছু কিছু বাজারে বেগুনের কেজি ৬০ টাকা বিক্রি হচ্ছে। বেগুনের সঙ্গে নতুন করে দাম বেড়েছে গাজর ও পাকা টমেটোর। মানভেদে গাজর বিক্রি হচ্ছে ৮০-১২০ টাকা কেজি দরে, যা গত সপ্তাহে ছিল ৬০-৮০ টাকা কেজি। আর গত সপ্তাহে ১২০-১৩০ টাকা কেজি বিক্রি হওয়া পাকা টমেটোর দাম বেড়ে হয়েছে ১৪০-১৬০ টাকা।

নতুন করে দাম না বাড়লেও চড়া দামে বিক্রি হচ্ছে শীতের আগাম সবজি শিম, মুলা, ফুলকপি ও বাঁধাকপি। শিমের দাম গত সপ্তাহের মতো ১০০ থেকে ১২০ টাকা কেজি বিক্রি হচ্ছে। ফুলকপি বিক্রি হচ্ছে ২০ থেকে ৪০ টাকা পিস। ৩০ থেকে ৪০ টাকা পিস বিক্রি হচ্ছে পাতাকপি। মুলার কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪০ টাকা।

শীতের আগাম সবজির সঙ্গে চড়া দামে বিক্রি হচ্ছে লাউ, করলা, ঝিঙে, বরবটি, পটল, ঢেঁড়স, উসি, ধুন্দুলসহ সব ধরনের সবজি। গত সপ্তাহের মতো ছোট আকারের লাউ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা পিস।

করলা বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি। একই দামে বিক্রি হচ্ছে বরবটি। চিচিংগা, ঝিঙা, ধুন্দুলের কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭০ টাকার মধ্যে। এ সবজিগুলোর দাম সপ্তাহের ব্যবধানে অপরিবর্তিত রয়েছে। তবে গত সপ্তাহে ৪০ টাকা কেজি বিক্রি হওয়া পটলের দাম বেড়ে ৬০ টাকা হয়েছে।

হাতিরপুলের ব্যবসায়ী জলিল বলেন, বাজারে সবজির কোনো ঘাটতি নেই। আড়তে গেলে সব ধরনের সবজি চাহিদা অনুযায়ী কেনা যাচ্ছে। কিন্তু দাম বেশি। যে কারণে আমাদেরও বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। তবে যে হারে বাজারে সবজি আসছে তাতে দাম কমে যাওয়া উচিত।

ক্রেতাদের অভিযোগ, বাজার মনিটরিংয়ের সুফল পান না তারা। ফলে কাচাবাজারে এমন কোনঠাসা অবস্থা। পর্যাপ্ত মনিটরিং করা হলে কমে আসবে সব বাজার দর।

এম বিল্লাহ