সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ইসলামী জলসায় (ওয়াজ) প্রধান অতিথি করা নিয়ে স্থানীয় আওয়ামী লীগের দু'পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় তাড়াশ সদর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামের জামে মসজিদে বার্ষিক জলসাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- শ্রীকৃষ্ণপুরের জয়ধর আলী (৭৬) এবং তার দুই ছেলে আবদুল খালেক (৩৫) ও খলিল (৪০, মৃত ইমান আলীর ছেলে আবদুর রহমান (৬০) এবং মৃত মহির উদ্দিনের ছেলে সাহেব আলী (৫৫)।

সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল শেখ জানান, শ্রীকৃষ্ণপুর মসজিদের বাৎসরিক জলসায় ওই এলাকার একটি পক্ষ উপজেলা চেয়ারম্যান আবদুল হক ও অপরপক্ষ স্থানীয় সংসদ সদস্য আমজাদ হোসেন মিলনকে প্রধান অতিথি করার প্রস্তাব দেন।

এনিয়ে উভয়পক্ষের বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। পরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয়পক্ষে পাঁচজন আহত হন।

আহতদের তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা আশংকাজনক বলেও জানান বাবুল শেখ।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রফিকুল ইসলাম জানান, ওই গ্রামে জালসায় অতিথি করা নিয়ে এমপি ও উপজেলা চেয়ারম্যান গ্রুপের মধ্য উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মাহমুদ