অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে বৃহস্পতিবার ২০১৫-১৬ অর্থবছরের বাজেট উপস্থাপন করেছেন। এ বাজেটের অন্যতম অংশ বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দেওয়া হয়েছে আগেই। বাজেটের সঙ্গে এ অংশটিও উপস্থাপন করা হয়েছে। আগামী অর্থবছরে এর আকার দাঁড়িয়েছে এক লাখ ৯৯৭ কোটি টাকা।

এর মধ্যে মূল এডিপি হচ্ছে ৯৭ হাজার কোটি টাকা এবং স্বায়ত্তশাসিত সংস্থা অথবা কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্পের অনুকূলে তিন হাজার ৯৯৭ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

গত ১১ মে জাতীয় অর্থনৈতিক পরিষদে (এনইসি) অনুমোদন পাওয়া ২০১৫-১৬ অর্থবছরের এডিপির বিষয়ে জানা যায়, প্রাথমিকভাবে ৯২ হাজার ৫০০ কোটি টাকার এডিপি নেওয়ার কথা থাকলেও বিদ্যুৎ বিভাগসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের চাহিদার ভিত্তিতে সাড়ে চার হাজার কোটি টাকার বরাদ্দ বাড়িয়ে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সূত্র জানায়, আগামী অর্থবছরের এডিপিতে বরাদ্দসহ মোট প্রকল্প থাকছে ৯৯৮টি। এর মধ্যে বিনিয়োগ প্রকল্প থাকছে ৮৫৪টি, কারিগরি সহায়তা প্রকল্প ১৩২টি এবং জেডিসিএফ অর্থায়িত প্রকল্প থাকছে ১২টি। এডিপিতে বরাদ্দসহ একেবারেই নতুন প্রকল্প থাকছে ৪১টি। এর মধ্যে বিনিয়োগ প্রকল্প ৩৬টি এবং কারিগরি সহায়তা প্রকল্প পাঁচটি।

এ ছাড়া স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নিজস্ব অর্থায়নের ১২৫টি প্রকল্পসহ এডিপিতে মোট এক হাজার ১২৩টি প্রকল্প থাকছে।

আগামী ২০১৫-১৬ অর্থবছরে ৩২৪টি প্রকল্প সমাপ্ত করতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে বিনিয়োগ প্রকল্প রয়েছে ২৮১টি, কারিগরি সহায়তা প্রকল্প ৪১টি এবং জাপানি ঋণ মওকুফ সহায়তা তহবিলের (জেডিসিএফ) দু’টি প্রকল্প রয়েছে।

এএইচ