দৈনিক নয়া দিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন বলেছেন, বাংলাদেশের মুসলমানদের মধ্যে সাড়া জাগিয়েছেন যে দুইজন কবি তাদের মধ্যে কবি ফররুখ আহমদ অন্যতম।
তিনি আরো বলেন, কবি ফররুখ আহমদের কবিতা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত ছিল। কিন্তু কুপমুন্ডুকতায় ভোগা শাসকেরা আবার তা পাঠ্যপুস্তক থেকে সরিয়ে দিয়েছে। তার কবিতা ছাড়া মুসলমানদের জীবন পূর্ণ হতে পারে না। তিনি শিশু-কিশোরসহ সবার জন্য লিখেছেন।
গতকাল জাতীয় শিশু-কিশোর ও যুব সংগঠন আবাবিল আয়োজিত ফররুখ আহমদ সম্মাননা-২০১৫ এর প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশের কবি, গণমানুষের কবি ফররুখ আহমদ। তার কবিতায় বাংলাভাষা ও বাংলাদেশের মানুষের জীবনচিত্র অসাধারণভাবে ফুটে উঠেছে। তার কবিতায় তিনি তুলে এনেছেন বাংলার শেকড় ও সংস্কৃতি।
বিশেষ অতিথির বক্তব্যে এম. গোলাম মোস্তফা ভূঁইয়া বলেন, আরব্য উপন্যাসের দুঃসাহসী সার্থক নাবিক সিন্দাবাদ কঠিন বিপদসঙ্কুল মুহূর্তে জাহাজের হাল ধরে যেমনি জাহাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে নিরাপদে সমুদ্রবন্দরে নোঙর করাতে সক্ষম হয়েছিলেন, তেমনি অসহায়তা-অলসতা ও পশ্চাদপদতার অন্ধকার ঘূর্ণাবর্তে নিপতিত মানবতা রক্ষার্থে আমাদের সাহিত্য ভূবনের এক দুঃসাহসী ও মানবতাবাদি কবি হলেন ফররুখ আহমদ।
এম এম আমিনুর রহমান বলেন, কবি ফররুখ ছিলেন গণজাগরণের কবি। তিনি মানুষের মধ্যে চেতনাবোধ তৈরি করে গেছেন। স্বাধীনতা, সাম্য ও মুক্তির চেতনা। আজকে কবিদের মধ্যে সেই জাগরণ নেই।
সাইফুদ্দিন আহমেদ মনি বলেছেন, সামগ্রিক নবজাগরণ ও আত্মস্তার বাণীকে মূর্ত করে তুলতে গিয়ে রেনেসাঁ যুগের মুসলিম কবিরা অতীত সম্পদ সম্ভার ও কাব্য উপাদানের দিকে ফিরে তাকিয়েছেন।
ক্রীড়া সংগঠক ও আবাবিল সভাপতি জাকারিয়া পিন্টুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া, বাংলাদেশ কল্যাণ পার্টি ভারপ্রাপ্ত মহাসচিব এম.এম. আমিনুর রহমান, ডেমোক্রেটিক লীগ সাধারণ সম্পাদক সাইফুদ্দীন মনি, আবাবিলের সিনিয়র সহ-সভাপতি দেওয়ান আফসার, সহ-সভাপতি মনির হোসেন। বক্তব্য রাখেন কবিপুত্র ওয়াহিদুজ্জামান বাচ্চু, মুক্তিযোদ্ধা হোসেন মেহরব, শফিকুল ইসলাম, মানছুর মোজাম্মেল, নাসিম আহম্মেদ, গোলাম নবী পান্না, তারিক হোসেন শিকদার, দেলোয়ার হোসেন, কবি ইয়াদা মাহমুদ, আকতার হোসেন, আকবর মোহাম্মদ ও সংগঠনের সাধারন সম্পাদক কাওসার আলী খোকন প্রমুখ।
ইআর





