টঙ্গীতে আসামি ধরার সময় পুলিশকে লক্ষ্য করে ককটেল হামলা ও গুলিবর্ষণ করেছে সন্ত্রাসীরা। এসময় পুলিশ পাল্টা গুলি করলে গুলিবিদ্ধ হন হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি জামাল।
মঙ্গলবার দুপুরে টঙ্গীর এরশাদ নগরের ৫নং ব্লকের একটি বাড়িতে এ গুলিবিনিময়ের ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ জামালকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি রিভলবার ও তিনটি চাপাতি উদ্ধার করে।
টঙ্গী মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি-তদন্ত) আমিনুল ইসলাম জানান, দুটি হত্যাসহ একাধিক মামলার আসামি জামালকে খোঁজাখুঁজি করা হচ্ছিল। দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় টঙ্গীর একটি বাড়িতে জামাল ও তার ৭-৮ জন সহযোগী অবস্থান করছে।
খবর পেয়ে তাকে ধরতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এসময় সন্ত্রাসীরা ফোর্সদের লক্ষ্য করে গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে আমিসহ পাঁচ পুলিশ সদস্য আহত হন। এসময় পাল্টা গুলি ছুঁড়লে জামাল গুলিবিদ্ধ হয়। পরে সে মাটিতে লুটিয়ে পড়ে। অপর সহযোগিরা দৌড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে রিভলবার ও তিনটি চাপাতি উদ্ধার করে।
টঙ্গী সরকারি হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, গুলিবিদ্ধ অবস্থায় জামালকে হাসপাতালে ভর্তি এবং ৫ পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
কেএইচ





