গাইবান্ধার সুন্দরগঞ্জের কালিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবন ঠিকাদার হস্তান্তর না করায় দীর্ঘদিন শিক্ষার্থীরা মেঝেতে বসে ক্লাস করছে।

ফলে ওই বিদ্যালয়ের ৫ শতাধিক শিক্ষার্থী লেখাপড়ার চরম বিঘ্ন সৃষ্টি হচ্ছে। আবার আকাশের মেঘ দেখলেই স্কুল ছুটি দিচ্ছে শিক্ষকগণ।

সোমবার সকালে শিক্ষার্থীর অভিভাবকরা জানায়, পিডিপি প্রকল্পের অধীনে বিদ্যালয়টির ভবন নির্মাণের জন্য জনৈক ঠিকাদার বাবু মিয়া কাজ করে আসছিলেন। দীর্ঘ ৬ মাস পূর্বে ভবনের কাজ সম্পন্ন হলেও আজও তা হস্তান্তর করেননি।

এদিকে ভবন নির্মাণের শুরু থেকে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের হুমকিময় পরিত্যক্ত ভবনে নোংরা পরিবেশে ক্লাস চালিয়ে আসছে।

সামান্য বৃষ্টি বাদল হলেই ওই ভবনে পাঠদান করা সম্ভব হচ্ছে না। এ নিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ উপজেলা প্রকৌশলীর নিকট মৌখিক এবং লিখিতভাবে অভিযোগ দাখিল করেছেন।

উপজেলা প্রকৌশলী আবু জাফর মো. সালেহ জানান, ভবন হস্তান্তরের জন্য ঠিকাদারকে তাগাদা দিলেও কোনো উত্তর না পাওয়ায় বাধ্য হয়ে তাকে শোকজ করা হয়েছে।

এদিকে গতকাল রবিবার উপজেলা নির্বাহী অফিসার আবদুল হাই মিলটন ওই বিদ্যালয়টি পরিদর্শন করে আগামী এক সপ্তাহের মধ্যে ভবন হস্তান্তরের জন্য আশ্বাষ দেন।

এসএইচ