লিবিয়ায় ২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় মানবপাচারকারী চক্রের অন্যতম হোতা কামাল হোসেন (৫৫) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। রাজধানীর শাহজাদপুর এলাকা থেকে আজ সোমবার ভোর ৫টার দিকে গ্রেপ্তার করা হয় তাঁকে। র‍্যাবের অপারেশন অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু জাফর মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আবু জাফর মোহাম্মদ বলেন, ‘পাচারকারী চক্রের অন্যতম মূল হোতা কামাল হোসেনকে আজ ভোর ৫টার দিকে রাজধানীর শাহজাদপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। যে ২৬ জন বাংলাদেশিকে লিবিয়ায় হত্যা করা হয়েছে, তাঁদের মধ্যে অন্তত পাঁচজনকে তিনি পাঠিয়েছিলেন।’

আবু জাফর আরো বলেন, ‘নিহত ওই ২৬ জনকে কয়েকটি চক্র পাঠিয়েছিল। ওই চক্রগুলোর সদস্যদের মধ্যে একজন কামাল। এ ব্যাপারে আরো বিস্তারিত জানার চেষ্টা চলছে।’

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, পাচারকারী চক্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটন ও পাসপোর্ট জব্দ করা হয়েছে। এ বিষয়ে আজ দুপুরে র‍্যাব-৩ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছে র‍্যাব।

গত বৃহস্পতিবার লিবিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর মিজদাহে (ত্রিপোলি থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণে) কিছু মানবপাচারকারীর বন্দুক হামলায় কমপক্ষে ২৬ বাংলাদেশিসহ মোট ৩০ জন নিহত হন। এ ঘটনায় আরো ১১ বাংলাদেশি আহত হন। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ ঘটনার খবর জানিয়ে দাবি করেছে, লিবিয়ার একটি পাচারকারী পরিবার মৃত্যুর প্রতিশোধ নিতে ৩০ অভিবাসীকে গুলি করে হত্যা করেছে।

এমআর