ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ১৭৫ একর সীমানা এক চোখে। তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের ফটোগ্রাফার সহকারী রেজিস্ট্রার শেখ আবু সিদ্দিক রোকন গত ৯ ফেব্রুয়ারি হেলিকপ্টারে চড়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে “এক ফ্রেমে” বন্দি করেন। ছবিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সকল চিত্র ফুটে উঠেছে।
যা এক নজরে পুরা ক্যাম্পাসকে তুলে ধরেছে। এ যেন আকাশ থেকে পাখির চোখে ক্যাম্পাসকে দেখা। যা দেখতে একটি ফুলের বাগান মনে হয়।
১৯৭৯ সালের ২২ নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কুষ্টিয়া ও ঝিনাইদাহ জেলার সীমান্তে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ধীরে ধীরে গড়ে ওঠা এ বিদ্যালয়ের রয়েছে, দুইটি প্রশাসনিক ভবন। পাঁচটি অ্যাকাডেমিক ভবন এবং একটি নির্মাণাধীন অ্যাকাডেমিক ভবন, নির্মাণাধীন একটি হলসহ আটটি আবাসিক হল, শিক্ষক-কর্মকর্তাদের আবাসনের সুব্যবস্থা। একটি সুবিশাল ছাত্র শিক্ষক মিলনায়তন কেন্দ্র, একটি শরীর চর্চা কেন্দ্র, দৃষ্টি নন্দন কেন্দ্রীয় জামে মসজিদ। আর ক্যাম্পাস যেন একটি ফুলের বাগান। কৃষ্ণচূড়া,সোনালী, রঙ্গণ, বকুল, জারুল, গোলাপ, টগর, গাদা, বেলি, রজনীগন্ধাসহ নাম জানা অজানা শত ফুল। ক্যাম্পাসে প্রতিটি সড়ক হরেক রকমের পাতা বাহারে মোড়ানো।
সোমবার ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারীকে এই ছবিটি উপহার দেন শেখ আবু সিদ্দিক রোকন। ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন, রোকনের তোলা এই ছবি বিশ্ববিদ্যালয়ের সম্পদ হয়ে থাকবে। ছবিটি প্রদশর্নীর জন্য ভিসি অফিসে রাখা হবে।’ ছবি হস্তান্তরের সময় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রোকনকে আন্তরিক ধন্যবাদ জানান ভিসি।
এসময় উপস্থিত ছিলেন প্রোভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ, জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক আতাউল হক, রাশিদুজ্জামান টুটুল, সিদ্দিকুর রহমান, আব্দুল মোত্তালিব, শাহেদ হাসান, রাজিবুল ইসলামসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচ্চপদস্থ কর্তাব্যক্তিরা।
টাইমনিউজবিডি.নেট/ সাইফুল্লাহ/ মাহমুদ





