রাজধানীর উত্তর বাড্ডায় অনাবিল পরিবহনের একটি বাসের চাপায় রনি (২৮) নামের এক পথচারী নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। তারা কয়েকটি গাড়ি ভাংচুর করে।

সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে পুরো এলাকায় যানজট তীব্র আকার ধারণ করে।

পুলিশ এসে আগুন নিভিয়ে বাসটিকে আটক করে থানায় নিয়ে যায়। বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে।

সুষ্ঠ বিচার করা হবে- এই আশ্বাসে জনতা অবরোধ তুলে নিয়ে সড়ক থেকে সরে যায়।

এ প্রসঙ্গে বাড্ডা থানার এসআই বিশ্বজিৎ চন্দ্র জানান, বিকাল সাড়ে তিনটার দিকে রনি ও তার বাবা রাস্তা পার হওয়ার সময় অনাবিল পরিবহনের গাড়িটি (নম্বর- ঢাকা মেট্রো-ব-১৪-৩১৩৭) রনিকে ধাক্কা দেয়।

রনি পড়ে গেলে তার ওপর দিয়ে গাড়িটি চলে যায়। এতে তার মাথা থেতলে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ যায়। রনির লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে নেওয়া হয়েছে।

এমকে