রাজধানীর গেণ্ডারিয়ায় জান্নাত (১) নামে এক শিশুকে বিষ খাইয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন তার মা সোনিয়া বেগম (২৫)।
মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে স্বামীবাগের একটি বাসায় এ ঘটনা ঘটে।
অচেতন অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক শিশু জান্নাতকে মৃত ঘোষণা করেন। সোনিয়া হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন।
সোনিয়া তার স্বামী ও শিশু কন্যাকে নিয়ে রাজধানীর গেণ্ডারিয়ার স্বামীবাগ এলাকার একটি বাড়িতে ভাড়া থাকেন। গ্রামের বাড়ি খুলনার খালিশপুরে।
সোনিয়ার স্বামী আনোয়ার হোসেন বলেন, তিনি সিকিউরিটি গার্ডের চাকরি করেন। সোমবার রাতে তিনি ডিউটিতে ছিলেন। ভোরে খবর পেয়ে বাসায় এসে দুজনকে উদ্ধার করে হাসপাতালে আনার পর আমার মেয়েটি মারা যায়।
তিনি বলেন, সিজার করে সন্তান হওয়ার পর থেকে সোনিয়া অসুস্থ ছিল। সে মানসিকভাবেও সুস্থ ছিল না।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, শিশুটির লাশ মর্গে রাখা হয়েছে। আর তার মা সোনিয়া মেডিসিন ওয়ার্ডের ৮০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
এসএম





