গাজীপুরের কাপাসিয়ায় হরিমঞ্জুরি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে একই বিদ্যালয়ের ধর্মবিষয়ক শিক্ষককে আটক করেছে পুলিশ।

রোববার বিকালে তাকে বিদ্যালয়ের পাশ থেকে আটক করা হয়।

অভিযুক্ত শিক্ষকের নাম মনোজিত চন্দ্র সরকার। তিনি কাপাসিয়া উপজেলার পিরোজপুর গ্রামের খোকন চন্দ্র সরকারের ছেলে।

কাপাসিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) আহসান উল্লাহ জানান, ওই ছাত্রী পড়তে শনিবার বিকালে কাপাসিয়া কলেজ রোড এলাকার একটি কোচিং সেন্টারে যাচ্ছিল। এ সময় শিক্ষক মনোজিত চন্দ্র সরকার ওই ছাত্রীকে রাস্তা থেকে ডেকে নিজের কোচিং সেন্টারে নিয়ে ধর্ষণ করে।

পরে ঘটনাটি ওই ছাত্রী তার পরিবারকে জানায়। বিষয়টি জানাজানি হলে রোববার এ ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্ত শিক্ষকের বিচার দাবিতে ওই বিদ্যালয়ের ছাত্রীরা ক্লাস বর্জন করে।

তিনি আরও জানান, খবর পেয়ে রোববার বিকালে অভিযুক্ত শিক্ষক মনোজিত চন্দ্র সরকারকে আটক এবং ছাত্রীকে হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে ছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

কেএইচ