গত কয়েকদিনের প্রচন্ড গরমে নাভিশ্বাস উঠেছে রাজধানীসহ সারাদেশের জনজীবনে। এমন অবস্থায় সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী দু-একদিনের মধ্যে তাপমাত্রা কমে আসবে। পাশপাশি দেশের কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। 

আবহাওয়া অধিদপ্তরের দায়িত্বরত কর্মকর্তা আবহাওয়াবিদ আরিফ হোসেন জানান, শুক্রবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এটা গত চার মাসের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে গত ৫ জুন রাজধানীতে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।

আবহাওয়া অধিদপ্তর জানায়, শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বগুড়ায় ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সারা দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগের দু’ এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সূত্র: রাইজিংবিডি।

এআই