বগুড়ার ধুনট উপজেলায় তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা ময়দানে জুমার নামাজে অংশ নিয়েছে প্রায় লক্ষাধিক মুসুল্লি।

শুক্রবার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সুরুগ্রাম স্কুল মাঠের সামনে বিশ্ব ইজতেমার বিশাল ময়দানে এ জামাত অনুষ্ঠিত হয়।

এ জামাতে ঈমামতি করেন সৌদি আরবের মাওলানা মুসা বিন ইউসুফ। তিনি মোনাজাতে বিশ্ব শান্তি এবং দেশ, জাতি, মুসলিম উম্মাহর সমৃদ্ধি, অগ্রগতি ও কল্যাণ কামনা করেন।

এর আগে বৃহস্পতিবা সকাল ৯টা থেকে মাওলানা আলহাজ্ব আব্দুস ছামাদের উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে ৩৭তম দেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়।

ইজতেমা আয়োজক কমিটির সদস্য হুমায়ন কবির এ তথ্য নিশ্চিত করে জানান, বিশ্ব ইজতেমার বিশাল ময়দানে দেশ-বিদেশের লক্ষাধিক মুসল্লি অবস্থান করছেন।
ছোট ছোট করে আস্তানা গেড়েছেন তারা। মুসল্লিদের জন্য  অসংখ্য ছোট-বড় তাবু, শামিয়ানা ও চট দিয়ে ছাউনি দেওয়া হয়েছে পুরো ইজতেমা ময়দান জুড়ে।

তিনি আরো জানান, ঢাকার টুঙ্গিতে বিশ্ব ইজতেমা সফল করার লক্ষ্যে এবং তাবলিগের কাজের জন্য এই ইজতেমা থেকে কমপক্ষে ১০০ জামাত নগদ চিল্লায় বের হবেন।

ইজতেমায় দেশ-বিদেশের মুরব্বিরা বয়ান করছেন। এছাড়া
প্রতি ওয়াক্তে নামাজ শেষে বিশ্বব্যাপী ইসলাম প্রতিষ্ঠা এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দীর্ঘ সময় দোয়া পরিচালনা করা হয়।

শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এ ইজতেমা শেষ হবে।

জেআই