ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পরাজিত হয়ে আত্মহত্যা করেছেন নাটোরের সিংড়া উপজেলার একাধিক হত্যা ও ডাকাতি মামলার আসামি মুকুল হোসেন নামে এক ব্যক্তি।
সোমবার (৩০ মে) দুপুরে উপজেলার চৌগ্রাম এলাকায় নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মন্ডল জানান, মুকুল হোসেন সিংড়া থানার উপপরিদর্শক (এসআই) আমজাদ হত্যাসহ একাধিক হত্যা ও ডাকাতি মামলার আসামি। তিনি এলাকায় কুখ্যাত ডাকাত হিসেবে পরিচিত।
ওসি জানান, গত ২৮ মে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে চৌগ্রাম ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান মুকুল।
মৃতের পরিবারের বরাত দিয়ে ওসি আরো জানান, মুকুল নির্বাচিত হয়ে নিজের জীবনের পরিবর্তন ঘটাতে চেয়েছিলেন। কিন্তু হেরে যাওয়ায় তিনি আত্মহত্যা করেছেন।
তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওএফ





