সাতক্ষীরার আশাশুনিতে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' কবির সরদার (৪০) নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। এতে পুলিশের দুই সদস্য আহত হন।
এ সময় ঘটনাস্থল থেকে একটি এলজি, একটি রাম দা, একটি গুপ্তি ও একটি কার্তুজ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার রাত দেড়টার দিকে আশাশুনি উপজেলার কুলতিয়া মোড়ে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ কবির আশাশুনি উপজেলার আগরদাড়ী গ্রামের মৃত জাফর সরদারের ছেলে।
পুলিশের দাবি, কবির আন্তজেলা ডাকাত দলের সদস্য। রাতে উপজেলার শোভনালী ও বুধহাটা এলাকায় রণপাহারার সময় কুলতিয়ার মোড় এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ ও গুলিবর্ষণ করে। পুলিশও আত্মরক্ষার্থে সেখানে গুলি চালায়। উভয়পক্ষের মধ্যে গোলাগুলির এক পর্যায়ে ডাকাতরা পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় কবির সরদারকে আটক ও একটি দেশি এলজি, একটি রাম দা, একটি গুপ্তি ও একটি কার্তুজ উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ কবিরসহ আহত দুই পুলিশ সদস্যকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কেএইচ





