বরিশালের গৌড়নদী উপজেলায় পুলিশ চেকপোস্টের কাছে নিয়ন্ত্রণহীন একটি বাসের ধাক্কায় এক কনস্টেবলসহ তিনজন নিহত হয়েছেন, আহত হয়েছে শিশুসহ দুইজন।

রোববার সকাল সোয়া ৯টার দিকে গৌড়নদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে বরিশালের পুলিশ সুপার এস এম আখতারুজ্জামান জানান।

নিহতরা হলেন- গৌড়নদী উপজেলার হাইওয়ে থানার কনস্টেবল জাহিদ হোসেন (২৬), রিকশা আরোহী সিরাজ সরদার (৬০) ও পথচারী শাহাজাদা শরীফ (৪৫)।

এদের মধ্যে শাহাজাদা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি ছেলে রেফাত শরীফকে (১২) নিয়ে পায়ে হেঁটে মাদ্রাসায় যাচ্ছিলেন।

রেফাত ও নজরুল ইসলাম (৩৫) নামের এক রিকশা চালককে আহত অবস্থায় শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নজরুলের অবস্থা ‘গুরুতর’ বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক মাসুম মোল্লা। 

স্থানীয়দের বরাত দিয়ে এসপি আখতারুজ্জামান জানান, বরিশাল থেকে ‘কেএম পরিবহন’ নামের একটি বাস খুলনার দিকে যাচ্ছিল। পথে বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্টে দায়িত্বরত পুলিশ বাসটিকে থামার সঙ্কেত দেয়।“কিন্তু গতি বেশি থাকায় বাস থামাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এরপর বাসটি পাশে দাঁড়িয়ে থাকা কনস্টেবল জাহিদ, ওই পথ দিয়ে আসা নজরুলের রিকশা এবং রাস্তায় থাকা শাহাজাদা ও তার ছেলেকে ধাক্কা দেয়।”

পরে বাসটি রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে থেমে যায়। বাসের ধাক্কায় পথচারী শাহাজাদা ও রিকশাআরোহী সিরাজ ঘটনাস্থলেই মারা যান। বরিশাল মেডিকেলে নেওয়ার পর মারা যান কনস্টেবল জাহিদ।

এসপি আখতারুজ্জামান জানান, শাহাজাদা বাসের ধাক্কায় ছিটকে পাশের একটি ডোবায় পড়ে যান। পুলিশ তার লাশটি ডোবা থেকে উদ্ধার করে।

এএইচ