নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার সরসপুরে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী বিয়ের আসর থেকে কনের বাবাসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বাল্য বিয়ের আয়োজন করায় কনের বাবা নাসির উদ্দিন মোল্যা, বরের বড় ভাই কাইয়ুম মোল্যা, বরের তিন দুলাভাই বাচ্চু বিশ্বাস, সোহেল মোল্যা ও রাসেল মৃধা এবং বরের খালু কাবুল মোল্যাকে গ্রেফতার করা হয়। এ সময় বর রাসেল মোল্যা (২৫) পালিয়ে যান।
এ ঘটনায় নড়াগাতি থানায় মামলা দায়েরের পর শুক্রবার (২৪ জুলাই) দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে নড়াগাতির সরসপুর গ্রামের নাসির উদ্দিন মোল্যার মেয়ে সরসপুর মধুমতি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী নাসরিন খানমের (১২) সাথে একই গ্রামের কাকা মোল্যার ছেলে রাসেল মোল্যার (২৫) বিয়ের আয়োজন হয়।
ওই দিন দিবাগত (বৃহস্পতিবার) রাতে বরযাত্রীরা কনের বাড়িতে গেলে রাত ২টার দিকে ছয়জনকে গ্রেফতার করা হয়।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ জলিল জানান, আসামিদের বিরুদ্ধে বাল্যবিয়ে নিরোধ আইনে মামলা দায়েরের পর তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
জেডআই





