বাংলাদেশ নৌবাহিনীর ব্যবস্থাপনায় আগামীকাল রোববার থেকে ঢাকায় শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ভারত মহাসাগরীয় অঞ্চলের ৩২টি দেশের নৌবাহিনী প্রধান, ঊর্ধ্বতন নৌকর্মকর্তা এবং মেরিটাইম বিশেষজ্ঞদের অংশগ্রহণে ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোজিয়াম (আইওএনএস) শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন।

রোববার সম্মেলনের উদ্বোধনী দিনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
হোটেল রেডিসনে সম্মেলন সফলভাবে আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতিমধ্যে আমন্ত্রিত অতিথিরা ঢাকায় আসতে শুরু করেছেন।

ভারত মহাসাগরীয় অঞ্চলের নৌবাহিনী এবং এ অঞ্চলের সমুদ্রবিষয়ক নিরাপত্তা সংস্থাগুলোর উদ্যোগে ২০০৮ সালে প্রতিষ্ঠিত হয় আইওএনএস। মূলত ভারত মহাসাগরের উপকূলীয় দেশগুলোর মধ্যকার মেরিটাইম নিরাপত্তা, পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়ন ও পেশাগত সহযোগিতা গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয় আইওএনএস।

২০১৪ সালে এ সংস্থার চতুর্থ সম্মেলন অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে বাংলাদেশ নৌবাহিনী প্রধান আগামী দুই বছরের (২০১৬-২০১৮) জন্য আইওএনএসের পরবর্তী চেয়ারম্যান নির্বাচন করা হয়। এরই ধারাবাহিকতায় সংস্থাটির ৫ম দ্বিবার্ষিক সম্মেলনের আয়োজন করছে বাংলাদেশ।

উল্লেখ্য, সংস্থাটির ১ম সম্মেলন ২০০৮ সালে ভারতে, ২য় সম্মেলন ২০১০ সালে সংযুক্ত আরব আমিরাতে, ৩য় সম্মেলন ২০১২ সালে দক্ষিণ আফ্রিকায় এবং ৪র্থ সম্মেলন ২০১৪ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হয়।

ইতিমধ্যেই ভারত মহাসাগরীয় অঞ্চলের নৌবাহিনী এবং উপকূলীয় নিরাপত্তা সংস্থাসমূহের অন্যতম বৃহৎ জোট হিসেবে আইওএনএস প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে এই সংস্থার অধীনে ২২টি সদস্য দেশ অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ফ্রান্স, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, মালদ্বীপ, মরিশাস, মোজাম্বিক, মায়ানমার, ওমান, পাকিস্তান, সৌদি আরব, সিসিলি, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা, শ্রীলংকা, তানজানিয়া, থাইল্যান্ড, পূর্ব তিমুর, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাজ্য ও চারটি পর্যবেক্ষক দেশ মালয়েশিয়া, মাদাগাস্কার, চীন ও জাপান এবং সমুদ্র বিষয়ক নিরাপত্তা সংস্থা রয়েছে।