শীতের ঘন কুয়াশার কারণে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামায় সমস্যা হচ্ছে।
মঙ্গলবার দিবাগত রাত ৩টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত কোনো বিমান ওঠানামা করতে পারেনি।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, বুধবার সকাল ৮টা থেকে প্লেন ওঠানামা কিছুটা স্বাভাবিক হয়েছে। তবে প্রায় ৬ ঘণ্টা প্লেন ওঠানামা করতে না পারায় সবকটি ফ্লাইট ঢাকা থেকে ছাড়তে বিলম্ব হয়েছে।
এ ছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের দুটি ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে অবতরণ করতে না পারায় চট্টগ্রামে গিয়ে অবতরণ করেছে। অন্যদিকে কলকাতায় অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি ফ্লাইট।
বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার তৌহিদ-উল আহসান এ বিষয়ে বলেন, ঘন কুয়াশায় বিমান চলাচল কিছুটা বিঘ্নিত হচ্ছে। ফ্লাইটগুলো এদিক-সেদিক করতে হয়েছে।
এমআর





