দেশ ও সমাজকে দুর্নীতিমুক্ত রাখতে শিক্ষকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

শুক্রবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা শ্যামনগর উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

দুদক চেয়ারম্যান শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, মানুষের মতো মানুষ হতে হবে। মানুষ শব্দ ভাঙলে দু’টি অর্থ পাওয়া যায়, ‘মান ও হুশ’। সবার নিজস্ব মান বজায় রাখতে হবে, একই সঙ্গে হুশ থাকতে হবে।
ইকবাল মাহমুদ বলেন, শিক্ষকরা দুর্নীতিমুক্ত হলে ছাত্র-ছাত্রীরাও দুর্নীতিমুক্ত হবে। তারা দুর্নীতির স্পর্শে যাবে না।

সভায় সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মহিউদ্দিনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন- দুদকের মহাপরিচালক শামসুল আরেফিন, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য স ম জগলুল হায়দার, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদ্দচ্ছের হোসেন, শ্যামনগর উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহসীন-উল-মুলক, সততা সংঘের সদস্য শাহজাহান সিরাজ ও হুমাইছা শিখা প্রমুখ।

পরে উপস্থিত সবাইকে দুর্নীতি না করার শপথবাক্য পাঠ করানো হয়। সভায় শ্যামনগর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

এম আর