রাজধানীর সিদ্দিকবাজার ও তেজগাঁও এলাকায় পৃথক ঘটনায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ওমর শরীফ (৪০) ও আব্দুর রশিদ (৩২) নামে দুই ব্যক্তি আহত হয়েছেন। এ সময় তাদের কাছ থেকে মোট বাইশ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।

শনিবার (০৫ মার্চ) ভোর ‍আনুমানিক ৬টার দিকে ছিনতাইয়ের শিকার হন তারা। আহত দুই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

ছিনতাইয়ের শিকার ওমর শরীফের বাড়ি চাঁদপুর জেলায়। তিনি চাঁদপুরের একটি প্রাইভেট হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা।

তিনি জানান, সদরঘাট থেকে রিকশাযোগে শান্তিনগরে তার বোনের বাসা যাচ্ছিলেন। পথিমধ্যে ছিনতাইকারীরা তার পথরোধ করে ডান পায়ে ও হাতে ছুরিকাঘাত করে ছয় হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে বংশাল থানার একজন পুলিশ কর্মকর্তা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।

এদিকে কাঁচামাল আড়তের কর্মচারী আব্দুর রশিদ (৩২) ভোরে রিকশাযোগে কারওয়ানবাজার থেকে মহাখালী যাচ্ছিলেন। পথে তেজগাঁও বিডিপ্রেসের সামনের রাস্তায় পৌঁছলে সাদা রঙের একটি প্রাইভেটকারে থাকা ছিনইকারীরা তার রিকশার গতিরোধ করে। এ সময় ছিনতাইকারীরা তার হাতে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা ষোল হাজার টাকা নিয়ে ‍পালিয়ে যায়।

পরে তেজগাঁও থানার এএসআই জাহাঙ্গীর তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।

ওএফ