চট্টগ্রামে চেক প্রতারণা মামলায় নুরজাহান গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট শিল্পপতি জহির আহমদ রতনকে গ্রেফতার করেছে পুলিশ।

চট্টগ্রাম মহানগরীর খুলশীর নিজ বাসা থেকে বৃহস্পতিবার গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন।

নুরজাহান গ্রুপের চেয়ারম্যান জহির আহমদ রতনের বিরুদ্ধে ন্যাশনাল কমার্স ব্যাংক মামলা দায়েরের পর আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল।

মামলার বিবরণে জানা যায়, নূরজাহান গ্রুপের মেরিন ভেজিটেবল অয়েল লিমিটেডের নামে ন্যাশনাল কমার্স ব্যাংক থেকে ৫৫ কোটি টাকা ঋণ নেয়। এ ঋণ পরিশোধের অংশ হিসেবে মার্কেন্টাইল ব্যাংকের খাতুনগঞ্জ শাখায় চেক দিলে তা পর্যাপ্ত তহবিলের অভাবে একাধিকবার ডিজ-অনার হয়।

এরপর কয়েক দফা লিগ্যাল নোটিশ দেওয়ার পরও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে কোনো সাড়া না পেয়ে ন্যাশনাল কমার্স ব্যাংক কর্তৃপক্ষ নুরজাহান গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল।

এসএম