যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ২৪ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ বাংলাদেশি পরিবারের দু’জনের লাশ শনাক্ত করা হয়েছে। তারা হলেন- রাবেয়া বেগম (৬৪) ও হাসনা বেগম (২২)। সম্পর্কে তারা মা-মেয়ে।

বুধবার ওয়েস্টমিনস্টার করোনার কোর্টে এ দু’জনের লাশ শনাক্ত হওয়ার বিষয়টি জানানো হয়। কোর্টে শুনানিতে বলা হয়, আগুনে তাদের মৃত্যু হয়েছে। দাঁতের ডিএনএ পরীক্ষা করে তাদের লাশ শনাক্ত করা হয়।

শুনানিতে আরও বলা হয়, ১৭ তলার লিফটের কাছে লবিতে হাসনা বেগমের লাশ পাওয়া যায়। আর তার মা রাবেয়া বেগমের লাশ ছিল একই তলায় তাদের ফ্ল্যাটে। এ পরিবারের আরও তিনজনের বিষয়ে এখনও কোনো হদিস পাওয়া যায়নি।

ভুক্তভোগী এ পরিবারের আত্মীয় আতিক রহমান বৃহস্পতিবার জানান, পরিবারের বেঁচে যাওয়া একমাত্র সদস্য আবদুল হাকিম স্বজনদের লাশ শনাক্তের বিষয়টি তদারক করছেন। শনাক্ত হওয়া দুটি লাশ এখনও পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি।

পরিবারের অন্য সদস্যদের লাশের অপেক্ষায় আছেন আবদুল হাকিম। পরিবারের নিহত সব সদস্যকে একসঙ্গে দাফনের ব্যবস্থা করতে চান তিনি।

এমএনজে