লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগ কর্মী এবং খুনের আসামি মো. রুবেলকে (২৬) গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। নিহত রুবেল দত্তপাড়ার বাসিন্দা আবুল খায়েরের ছেলে।

জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন টিপু জানিয়েছেন, রুবেল দত্তপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমানে যুবলীগ কর্মী।

পুলিশ জানায়, নিহত রুবেল স্থানীয় সন্ত্রাসী দল 'বিপ্লব বাহিনীর' অন্যতম সদস্য ছিলেন।

লক্ষ্মীপুরের এএসপি (সার্কেল) মো. নাসিম মিয়া জানান, রুবেলের বিরুদ্ধে থানায় হত্যাসহ বিভিন্ন অভিযোগে তিনটি মামলা রয়েছে। এলাকার মানুষ তাকে চেনে 'ছোট রুবেল' নামে।

নাসিম মিয়া বলেন, রুবেল সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। মঙ্গলবার সকালে দত্তপাড়া ইউনিয়নের বরপাড়া গ্রামের ঠাকুর বাড়ি পাশে তার লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

রাতের কোনো এক সময়ে তাকে জবাই করা হয় বলে পুলিশের ধারণা।

কেএইচ