দেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বেশি বেশি চর্চা করা প্রয়োজন বলে মনে করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

তিনি বলেন, বঙ্গবন্ধু তার সারা জীবন বাঙালি জাতির জন্য উৎসর্গ করেছেন। একজনমে তিনি পঞ্চাশ জনমের কাজ করে গেছেন।

বৃহস্পতিবার (২৪ মার্চ) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর লেখা ‘কারাগারের রোজনামচা’ গ্রন্থের পাঠ ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, একজন বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে বহুবছর ধরে বাঙালি জাতিসত্তা নির্যাতন, লাঞ্ছনা, বঞ্চনা ও অপমানের শিকার হয়েছে। জীবনের অধিকাংশ সময় তিনি কাটিয়েছেন জেলের অভ্যন্তরে।

তিনি বলেন, বাঙালির ইতিহাসের দিকে তাকিয়ে যদি আমরা প্রশ্ন করি, কেন আমরা ৫০০ কিংবা ২০০ বছর আগে স্বাধীন হয়নি। এর উত্তর একটিই। কারণ, সে সময় আমাদের সঙ্গে একজন বঙ্গবন্ধু ছিলেন না। সে জন্য এ জাতিকে হাজার বছর ধরে অপেক্ষা করতে হয়েছে, প্রার্থনা করতে হয়েছে। অবশেষে বঙ্গবন্ধু বাঙালি জাতিকে একটি পতাকা, স্বাধীন দেশ এবং অখণ্ড মানচিত্র উপহার দিয়েছেন।

বঙ্গবন্ধুকন্যার হাত ধরে আজ বাংলাদেশ দ্রুত বিকাশমান উল্লেখ করে পুলিশপ্রধান বলেন, পৃথিবীর এমন কোনো প্রান্ত নেই যেখানে এখন বাংলাদেশ আলোচিত নয়।অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন, শিক্ষার হার বৃদ্ধি, এমডিজি অর্জন এবং এসডিজি লক্ষ্য অর্জনেও বাংলাদেশ অনেক এগিয়ে।

এমআর