রাজধানীর বনানী থানায় দায়ের করা ধর্ষণ মামলায় বাহাউদ্দীন ইভানকে গ্রেফতার করা হয়েছে। জন্মদিনের দাওয়াত দিয়ে তরুণীকে বাসায় নিয়ে ধর্ষণ মামলায় তাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

বৃহস্পতিবার (০৬ জুলাই) বিকেল সাড়ে ৪টায় তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল বুধবার ধর্ষণ অভিযোগে বনানীর বাসিন্দা ও ব্যবসায়ী ইভানের বিরুদ্ধে মামলা করেন ধর্ষণের শিকার ওই তরুণী।

এর কিছুদিন আগে বনানীর একটি আবাসিক হোটেলে জন্মদিনের দাওয়াতের কথা বলে দুই তরুণীকে ধর্ষণের মামলা হয় বনানী থানায়। আলোচিত ওই ঘটনায় আপন জুয়েলার্সের মালিকের ছেলেসহ পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। সে ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও বনানীতে জন্মদিনের নামে ধর্ষণের অভিযোগে বুধবার ওই মামলার পর আসামি গ্রেফতার হলো।

মামলার বিষয়ে বনানী থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যবসায়ী ইভান সপরিবারে বনানীর ২ নম্বর রোডে একটি অ্যাপার্টমেন্টে থাকেন। মঙ্গলবার রাতে জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে পূর্বপরিচিত এক তরুণীতে তার বাসায় ডেকে আনেন। রাত দেড়টার দিকে তাকে ধর্ষণ করেন এবং তিনটার দিকে বাসা থেকে বের করে দেন। এ সময় ওই বাসায় আর কেউ ছিল না। এরপর সকালে ওই তরুণী বনানী থানায় যান এবং দুপুরে ধর্ষণের মামলা করেন।

বনানী থানার পরিদর্শক (তদন্ত) আবদুল মতিন জানিয়েছেন, এ ঘটনার পর বাসা থেকে অভিযুক্ত ওই ব্যক্তি পালিয়ে গেছেন। আমরা তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছি।

পুলিশ বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই তরুণীর সঙ্গে ব্যবসায়ীর পরিচয় হয়। এরপর বিভিন্ন সময়ে দেখাসাক্ষাৎ হয়েছে।

বুধবার পুলিশ পরিদর্শক মতিন বলেন, অভিযুক্ত ব্যবসায়ী জন্মদিনের কথা বলে ওই তরুণীকে বাসায় ডেকে আনেন। কিন্তু তরুণী সন্ধ্যার পর বাসায় এসে দেখে, সেখানে আর কেউ নেই। এরপর তাকে গভীর রাত পর্যন্ত আটকে রেখে ধর্ষণ করে এবং রাত ৩টার দিকে বাসা থেকে বের করে দেয়। থানায় লিখিত অভিযোগ দেয়ার পরই আমরা মামলা নিয়ে গ্রেফতার অভিযান শুরু করেছি।

ধর্ষণে অভিযুক্ত ইভান বিবাহিত ও তার দুই সন্তান রয়েছে বলেও পুলিশ জানতে পেরেছে। বাবার ব্যবসা দেখাশোনার পাশাপাশি তার নিজের ব্যবসাও রয়েছে।

মামলার পর ভিকটিম তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়। এরপর থেকে তাকে তেজগাঁওয়ের উইমেন ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে।

এর কিছুদিন আগে বনানীর দ্য রেইনট্রি হোটেলে জন্মদিনের কথা বলে আটকে রেখে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণ করা হয়। ব্যাপক আলোচনার মধ্যে ওই ধর্ষণের মূলহোতা আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদসহ পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। তারা বর্তমানে কারাগারে রয়েছেন। সম্প্রতি ওই মামলার অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

এমই