পরিবহন শ্রমিকদের ডাকা টানা ৪৮ ঘন্টার পরিবহণ ধর্মঘটে বাংলাদেশের সর্ব বৃহৎ স্থলবন্দর বেনাপোলে মালামাল খালাশ প্রক্রিয়া বন্ধ রয়েছে।
তবে বন্দরের অভ্যন্তরে ভারতীয় ট্রাক থেকে পণ্য আনলোড করে বন্দর শেডে রাখার কাজ চলছে। স্বাভাবিক রয়েছে বেনাপোল বন্দর দিয়ে আমদানি বাণিজ্য। কিন্তু বাংলাদেশে থেকে কোন পণ্যবোঝাই ট্রাক ভারতে রফতানি হয়নি।
এদিকে ভারত থেকে আসা শতশত পাসপোর্ট যাত্রী আটকা পড়েছে বেনাপোল চেকপোস্টে। দূর্ভোগের শিকার হচ্ছে নারী-শিশুসহ বৃদ্ধ রোগী যাত্রীরা। অনেকেই আবার বিকল্প ব্যবস্থায় ভ্যান, রিকশা, ট্যাম্পু ও ট্রেনে করে আত্মীয় সজনদের বাড়িতে আশ্রয় নিচ্ছে। কেউ কেউ আবার স্থানীয় আবাসিক হোটেল ও পরিবহন কাউন্টারগুলোতে অবস্থান নিচ্ছে ।
বেনাপোল থেকে এখন পর্যন্ত দূরপাল্লার কোন পরিবহন ছেড়ে যায়নি। বেনাপোল বন্দর এলাকায় কয়েক’শ রফতানি পণ্য বোঝাই ট্রাক ভারতে রফতানির অপেক্ষায় আটকে আছে। পরিবহন শ্রমিকরা এসব রফতানি পণ্য বোঝাই ট্রাক ভারতে যেতে বাধা দিচ্ছে।
বেনাপোল সোহাগ পরিবহনের বেনাপোলস্থ ম্যানেজার শহিদুল ইসলাম জানান, ৪৮ ঘন্টা ধর্মঘটের কারণে বেনাপোল থেকে দূরপাল্লার কোন যানবাহন ছাড়া হয়নি। ভারত থেকে আসা অনেক যাত্রী পরিবহণ কাউন্টারে অবস্থান করছে।
বেনাপোল কাস্টমস কমিশনার জানান, পরিবহন ধর্মঘটে বেনাপোল কাস্টমস ও বন্দরে কাজকর্ম স্বাভাবিক রযেছে। ভারতে পাসপোর্ট যাত্রী পারাপার অব্যাহত আছে।
বেনাপোল বন্দরের পরিচালক প্রদ্যুত কান্তি দাস জানান, পরিবহন ধর্মঘটের কারণে বাংলাদেশ থেকে কোন রফতানি হয়নি। তবে আমদানি বাণিজ্য অব্যাহত আছে। সকাল থেকে ৮৯ টি পণ্য বোঝাই ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। বন্দরের অভ্যন্তরে কাজ কর্ম স্বাভাবিক ভাবে চলছে।
নাসির/জেড





