সন্ত্রাস ও নৈরাজ্যে রুখতে প্রশাসনের সঙ্গে এক হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন আখাউড়ার আলেম ওলামা।
বুধবার দুপুরে শতাধিক আলেম ওলামা পৌর মেয়র তাকজিল খলিফা কাজল এবং ইউএনও আহসান হাবিবের সঙ্গে সাক্ষাৎ করে এই প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে বিনা অপরাধে তাদের পুলিশি হয়নারি না করার দাবি জানান।
বৈঠকের সময় আলেম ওলামারা জানান, ২০ দলের চলমান আন্দোলনের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। কিন্তু সম্পতি ট্রেনে ঢিল ছোঁড়ার অভিযোগে ইসলামি আন্দোলনের এক নেতাকে গ্রেফতার করে পুলিশ। যদিও তিনি এ সবে জড়িত নন। তা ছাড়া ওয়াজ মহফিলে মাজার বিরোধী কথা বলায় শহরে উত্তেজনা তৈরি হয়। এ সবের প্রক্ষিতে দুপুরে শতাধিক আলেম ওলামা পৌর মেয়রের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পরে তাকে সঙ্গে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে ইউএনও আহসান হাবিব এবং পৌর মেয়র তাকজিল খলিফা কাজল জানান, বিনা অপরাধে কাউকে হয়রানি করবে না প্রশাসন। তবে যারা সহিংসতায় জড়াবে তাদের ছাড় দেওয়া হবে না।
এ সময় জেলা ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রধান উপদেষ্টা আলহাজ মুসলেহ উদ্দিন, তাবলিগ জামায়াতের নেতা মিজানুর রহমান, মহিসুন্নাহ মাদ্রসার প্রধান মাওলানা আসাদ, দেবগ্রাম মাযহারুল ইসলাম মাদ্রাসার প্রধান মাওলানা আসাদুজ্জামান, মাওলানা উবায়দুল্লা, মাওলানা ইয়াকুব, বিল্লাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
জেআই





