দুই দফায় ৮ দিনের রিমান্ড শেষে আরাকান আর্মির সহযোগী সদস্য অং নু ইয়ং ও দুই কেয়ারটেকারের ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহিদুল্লাহ সরকার জানান, আসামিদের সোমবার সকালে আদালতে হাজির করে পুলিশ সন্ত্রাস দমন আইনে ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ ছাড়া অনুপ্রবেশের দায়ে করা অন্য একটি মামলায় তাদের তিনজনকে ৫ দিন জেলগেটে জিজ্ঞাসাবাদেরও অনুমতি দেন আদালত।
রাঙ্গামাটির অতিরিক্ত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাবরিনা আলীর আদালতে অং নু ইয়ং বাড়িটির দুই কেয়ার টেকার মং চু অং মারমা ও যশো অং মারমাকে হাজির করা হয়।
এর আগে ২৭ আগস্ট রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার তাংতং পাড়া কলেজ রোডের আরাকান আর্মির নেতা রেনিন সোর বাড়ি থেকে অং নং ইয়ং রাখাইনকে আটক করে যৌথবাহিনী। এ সময় তার কাছ থেকে ঘোড়া, মোটরসাইকেল, ল্যাপটপ, ক্যামেরা ও আরাকান আর্মির পোশাক উদ্ধার করা হয়।
এর একদিন পর একই উপজেলা থেকে বাড়িটির দুই কেয়ারটেকারকে আটক করে পুলিশ।
এ ঘটনায় রাজস্থলী থানায় পৃথক দু’টি মামলায় ৩০ আগস্ট তিন আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ মামলার আরেক আসামি বাড়ির মালিক ডা. রেনিন সোয়ে পলাতক রয়েছেন।
এদিকে আটক আরাকান আর্মির সদস্য অং নং ইয়ান রাখাইন ৩ সেপ্টেম্বর আদালতে আরাকান আর্মির সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন।
জেআই





