প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে।

আজ (০৭ জুন) রোববার বেলা সোয়া ১১টার দিকে বান্দরবান ক্যান্টনমেন্ট থেকে মন্ত্রীকে নিয়ে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে।

তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হবে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের সহকারী একান্ত সচিব (এপিএস) সাদেক হোসেন চৌধুরী এই বিষয়টি নিশ্চিত করেছেন।

সচিব বলেন, মন্ত্রীর শারীরিক অবস্থা মোটামুটি ভালো। আগে থেকেই শ্বাসকষ্ট ছিল তার। তবে এখন শ্বাসকষ্ট আরও বেড়েছে। নেবুলাইজার মেশিনে শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন তিনি। তার জ্বর ছিল না। আগে থেকেই একটু কাশি ছিল। অবস্থা আশঙ্কাজনক হওয়ার মতো কিছুই নেই। উন্নত চিকিৎসার জন্য তাকে সিএমএইচে পাঠানো হলো।

সাদেক হোসেন চৌধুরী বলেন, অসুস্থবোধ করলে গত বৃহস্পতিবার মন্ত্রীর নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে পাঠান চিকিৎসকরা। শনিবার (০৬ জুন) কক্সবাজার ল্যাবের পরীক্ষায় তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

এর আগে কয়েকজন সংসদ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হলেও এই প্রথম কোনো মন্ত্রী আক্রান্ত হলেন।

আওয়ামী লীগ নেতা বীর বাহাদুর উশৈসিং ১৯৯১ সালের নির্বাচনে প্রথমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০১৪ সালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। ২০১৯ সালে আওয়ামী লীগ আবারও সরকার গঠন করলে তিনি ওই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পান।

এমবি