মাগুরা শহরের দোয়ারপাড় এলাকার কারিগরপাড়ায় ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে মায়ের গর্ভে শিশু গুলিবিদ্ধ এবং বৃদ্ধ নিহত হওয়ার ঘটনায় আরও এক আসামি গ্রেফতার হয়েছে।

সোমবার বিকালে শালিখার কাদিরপাড়া এলাকা থেকে এজাহারভুক্ত আসামি লিটনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের অফিসার ইন চার্জ (ওসি) মো. ইমাউল হক জানান, ৯ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে এজাহারভুক্ত আরও দুই আসামিকে মাগুরার আলমখালী বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। ওই দুই আসামি ঢাকা থেকে সুমন ডিলাক্স পরিবহনে চুয়াডাঙ্গার আলামডাঙ্গায় যাচ্ছিল।

এ নিয়ে ওই মামলায় মোট নয়জন আসামিকে গ্রেফতার করা হলো। এর আগে গ্রেফতার ছয় আসামি হলেন, মো. সুমন. মো. সোবহান, সেন সুমন, নজরুল ইসলাম, মো. সাগর হোসেন ও তার ভাই মো. বাপ্পী।

২৩ জুলাই মাগুরায় ছাত্রলীগের দু’পক্ষের গোলাগুলিতে গর্ভের শিশুসহ মা নাজমা বেগম এবং নাজমার চাচা শ্বশুর মমিন ভূঁইয়া গুলিবিদ্ধ হন। পরদিন চাচা শ্বশুর মমিন ভূঁইয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহত মমিন ভূঁইয়ার ছেলে রুবেল ভূঁইয়া গত ২৬ জুলাই ১৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছিলেন।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম আসামি গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

কেএইচ