কুষ্টিয়া মিরপুরের চিথলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে বোমাসহ ৪ ব্যক্তিকে আটক করেছে এলাকাবাসী। পরে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে। মঙ্গলবার (২ আগস্ট) রাত আটটার দিকে ডাকাতদের পাকড়াও করে এলকাবাসী। মিরপুর-চিথলিয়া সড়কের এলএসবি ব্রিক ফিল্ডের (আলমের ইটভাটা) কাছে ডাকাতির প্রস্তুতিকালে ধরা পড়েছে ওই ব্যক্তিরা।
আটককৃতরা হলো-দৌলতপুর উপজেলা শরিষাডুলি গ্রামের মেকান্দার রহমানের ছেলে মতিউর রহমান (৩৫), একই উপজেলার আদাবাড়িয়া গ্রামের মৃত খোদা বক্স’র ছেলে শরিফুল ইসলাম (৩৮), গোয়াল গ্রামের তমেজ মোল্লার ছেলে রুবেল আহমেদ (২৫) ও মেহেরপুরের গাংনী উপজেলার মোহাম্মদপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে রিয়াজুল ইসলাম (৩৫)।
কুষ্টিয়া মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন আহমেদ জানান, এলাকাবাসী ডাকাতদের সংঘবদ্ধ হওয়ার খবর পেয়ে তাদের ধাওয়া করে। এ সময় তারা মতিউর রহমান, রুবেল আহামেদ, শরিফুল ইসলাম ও রিয়াজুল ইসলামকে আটক করে। তাদের কাছ থেকে ৪টি হাতে তৈরী বোমা উদ্ধার করা হয়েছে।
এলাকাবাসী জানান, ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ৬ জন। এমন সময় তাদের ধাওয়া দিয়ে ৪ জনকে ধরতে পারলেও চিথলিয়ার চিহ্নিত ডাকাত সিরাজ ও ইমারুল পালিয়ে যায়। এই দু’জনের বিরুদ্ধে স্থানীয় সাংবাদিক বাবলু রঞ্জন বিশ্বাস ও মারফত আফ্রিদির দুটি মটর সাইকেল ডাকাতির মামলা রয়েছে। পালিয়ে যাওয়া সিরাজ ও ইমারুল আটককৃত ব্যক্তিদের সংঘবদ্ধ করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলেও জানায় এলাকাবাসী।
এমএনজে





