সিরাজগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় স্ত্রীসহ এক সাংবাদিক নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।
আজ (১১ আগস্ট) রোববার সকালে সিরাজগঞ্জের কাঠেরপুল-চান্দাইকোনা আঞ্চলিক সড়কের রায়গঞ্জের কামালের চক এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দৈনিক সংগ্রামের রায়গঞ্জ প্রতিনিধি রফিকুল ইসলাম জিন্নাহ (৪৫) ও তার স্ত্রী মোর্শেদা খাতুন (৪০)। তিনি একই উপজেলার পূর্ব লক্ষ্মীকোলা বাজারের বাসিন্দা।
ষোলমাইল ফায়ার সার্ভিসের ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, ঢাকা থেকে সাকলাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিরাজগঞ্জ শহর হয়ে রায়গঞ্জের ভেতর দিয়ে ঢাকা-বগুড়া মহাসড়কে উঠছিল। এসময় কামালের চক এলাকায় বাসটি ব্যাটারিচালিত একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানযাত্রী মোর্শেদা মারা যান।
তার স্বামী রফিকুল ইসলামসহ দু’জন গুরুতর আহত হন। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সাংবাদিক রফিকুল ইসলাম মারা যান।
বাসের চালক ও হেলপারকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এমবি





