ঢাকা ও চট্টগ্রামে গাড়ির ধাক্কায় মোট দুই জন নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকায় ও আজ শুক্রবার সকালে চ্ট্রগ্রামে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় একজন ভ্যানচালক ও একজন রিকশাচালক নিহত হয়।

ঢাকা:

রাজধানীর ক্যান্টনমেন্টের মাটিকাটা ফ্লাইওভারের ওপরে গাড়ির ধাক্কায় সাইদুল ইসলাম (৩৭) নামের একজন ভ্যানচালক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলের দিকে এ ঘটনা ঘটে।

নিহত সাইদুল ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার আবদুল হাকিমের ছেলে। তিনি ভাটারা নতুনবাজার এলাকায় স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া থাকতেন।

নিহতের ভাই আবু সাঈদ জানান, বিকেলে মাটিকাটা ফ্লাইওভারের ওপর দিয়ে ভ্যান চালিয়ে যাওয়ার সময় সাইদুল একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। পরে পথচারীরা তাঁকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান।

সাইদুলের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

চট্টগ্রাম:

চট্টগ্রাম নগরীর চান্দগাঁয়ে বাসের ধাক্কায় এক রিকশাচালক নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তসলিম মিয়া (৪৬) দিনাজপুরের ঘোড়াঘাট দামপাড়া এলাকার আবদুল আজিজের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, রাস্তার পাশে রিকশা পার্কিং করে বিশ্রাম নিচ্ছিলেন তসলিম মিয়া।

এ সময় একটি বাস তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জেড