মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, গাজায় ইসরায়েলি হামলা শুধু মানবাধিকার লঙ্ঘনই নয়, অপরাধও। দুঃখজনক হলেও সত্যি, বাংলাদেশের উচ্চ আদালত এটা বুঝতে অক্ষম।

মঙ্গলবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে আইন ও সালিশ কেন্দ্র (আসক) আয়োজিত ‘বাংলাদেশ এনগেজমেন্ট উইথ ইউএন স্পেশাল প্রোসিডিউরস’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

গবেষণা প্রতিবেদন পাঠ করেন মানবাধিকার কমিশনের স্টিয়ারিং কমিটির সদস্য সায়েদ আহমদ।
মিজানুর রহমান বলেন, কোন শক্তির বলে রাষ্ট্র কর্তৃক এ অপরাধ হচ্ছে, তা কিন্তু সবাই জানে। আমাদের দেশেও এ ধরনের হত্যাকে অপরাধ বলায় আদালত মানবাধিকার কমিশনের বিরুদ্ধে রুল ইস্যু করেছে।

তিনি বলেন, ‘আমাদের অজ্ঞতার অবসান ঘটাতে হবে। যা আমাদের ভ্রান্ত পথে নিয়ে যাচ্ছে। সত্যকে জানতে হবে। এ ভ্রান্ত ধারণা পরিবর্তন করতে হবে। সভ্যতা এমনভাবে এগোচ্ছে যে কোনো কিছুই গোপন থাকে না।’

আসকের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, ‘তথ্যের অভাবের কারণে আমরা পিছিয়ে আছি। আমরা জানার প্রতি আগ্রহ দেখাই না। আমাদের যে জানার সব দরজা খোলা আছে আমরা তা বুঝতে পারছি না। আমরা মনে করি, আমি জানি না বলে মনে হয় কেউ জানে না।’

সুলতানা কামালের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ শাখার ডিরেক্টর জেনারেল সাইদা মুনা তাসনিম, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দিনা এম সিদ্দিকী।

ঢাকা, ১৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ