বরিশাল মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসিম দেওয়ানের বাসায় হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রোববার দিবাগত রাত পৌনে ১২টার দিকে নগরের কাউনিয়া প্রথম গলির বাসায় এ ঘটনা ঘটে। ঘটনার পর রাতে ওই এলাকাসহ নগরের বেশ কিছু স্থানে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে মহানগর ছাত্রলীগ।
এ বিষয়ে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসিম দেওয়ান জানান, রাতে ২০/২৫ জন দুর্বৃত্ত ধারালো ও আগ্নেয়াস্ত্র নিয়ে তার বাসায় হানা দেয়। এসময় তারা বাইরে দাঁড়িয়ে বাসার বন্ধ দরজা-জানালায় আঘাত করে। এতে জানালার কিছু কাচ ভেঙে যায়। খবর পেয়ে পুলিশ আসার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এ হামলার সঙ্গে দলীয় প্রতিপক্ষ ও মাদক ব্যবসায়ীরা জড়িত রয়েছে বলে দাবি করেন তিনি।
আজ সকাল সাড়ে ১০টার দিকে অসিম আরো বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ করিনি। আইনজীবীর সঙ্গে কথা বলে যত দ্রুত সম্ভব মামলা দায়ের করবো।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম রেজা বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই এলাকার নিরাপত্তা জোরদার করে। তবে তার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এমই





