টেকনাফে চার লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। রোববার ভোর ৪ টার সময় মিয়ানমার সীমান্ত এলাকার সাবরাং বিজিবি বিওপির ৫শ গজ দক্ষিণে নাফ নদীর সীমান্ত দিয়ে বাংলাদেশে আনার সময় এ চালানটি আটক করা হয়।

পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায় নি। উদ্ধার হওয়া ইয়াবাগুলোর বাজার মূল্য ১২ কোটি ৯০ লাখ টাকা বলে নিশ্চিত করেছেন বিজিবি ২ ব্যাটলিয়ন কমান্ডার লে.কর্নেল এস এম আরিফুল ইসলাম।

তিনি জানান, উদ্ধার হওয়া ইয়াবাগুলো আইনী প্রক্রিয়া শেষে আনুষ্ঠানিক ভাবে ধবংস করা হবে। এ ছাড়া উখিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ১৫ হাজার ইয়াবা নিয়ে অ্যাম্বুলেন্সসহ ২ পাচারকারীকে আটক করেছে।

শনিবার রাত সাড়ে ৯ টার দিকে টেকনাফ নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের আরটিএম ইন্টারন্যাশনাল অ্যাম্বুলেন্স (ঢাকা ছ- ৭১-২৪৯২) ইয়াবার চালান নিয়ে কক্সবাজার যাওয়ার পথে উখিয়া থানা রোডের সামনে উখিয়া থানা পুলিশের সেকেন্ড অফিসার খাজা মাঈন উদ্দিনের নেতৃত্বে এএসআই নাজমুল ও সোহেল বেপারী অ্যাম্বুলেন্সটিকে গতিরোধ করে।

পরে তল্লাশি চালিয়ে রোগীর সিটের পাশের বক্স থেকে ১৫ হাজার ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করতে সক্ষম হয়।

আটককৃতরা হলেন, টেকনাফ উপজেলার নয়াপাড়া গ্রামের মৃত আবুল হোসনের ছেলে বাদশাহ মিয়া (৩৫) ও চট্রগ্রাম জেলার সাতকানিয়া থানার মধ্যম মাদ্রাসা গ্রামের হাজী কালু মিয়ার ছেলে মাহমুদুল হক রানা (৩২) । 

উখিয়া থানার ওসি মোঃ আবুল খায়ের এ ব্যাপারে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানান।

এমএনজে