সৌদি আরবের নেতৃত্বে ৩৪টি দেশের সামরিক জোটে বাংলাদেশের যোগদানের বিষয়ে মন্ত্রিসভায় বাংলাদেশের অবস্থান জানতে চেয়ে প্রশ্ন তোলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। এবিষয়ে অনানুষ্ঠানিক আলোচনাও হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে।
সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ আলোচনা হয়।
সূত্র জানায়, একজন মন্ত্রী জানতে চান সৌদি আরবের নেতৃত্বাধীন জোটে ওআইসির সদস্য দেশ হওয়ার পরও ইরানসহ কয়েকটি দেশ যোগ দেয়নি। বাংলাদেশ কেন যোগ দিয়েছে।
জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী জানান, এটি কোনো সামরিক জোট নয়, এটি সন্ত্রাসবিরোধী সমঝোতা চুক্তি। তা ছাড়া বিষয়টি এখনো সেই অর্থে চূড়ান্ত হয়নি।
একপর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি খুব পরিষ্কার। এটা সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে শত্রুতা নয়। এই পররাষ্ট্রনীতিতে বাংলাদেশ বিশ্বাসী।
প্রসঙ্গত, সৌদির নেতৃত্বে এ জোটে ইসলামি দেশগুলোকে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হলেও ইরান, ইরাক, আফগানিস্তান, মিশর এবং সিরিয়াকে আমন্ত্রণ জানানো হয়নি।
এই বিষয়ে গত বছরের ১৫ ডিসেম্বর সরকারের পক্ষ থেকে সৌদি জোটে যোগদানের বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
এআই





