আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) ২০১৫ থেকে ২০১৮ সালের জন্য পূর্ব এশিয়া এবং অস্ট্রেলিয়া অঞ্চল থেকে কাউন্সিল সদস্য পদে পুনরায় নির্বাচিত হয়েছে বাংলাদেশ। দক্ষিণ কোরিয়ার বুসানে গত সোমবার আন্তর্জাতিক এই সংস্থার কমিটি নির্বাচনের জন্য বার্ষিক সম্মেলনে ভোট অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক সংস্থা আইটিইউ’র এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের নেতৃত্বে বাংলাদেশের একটি দল আইটিইউ’র বার্ষিক সম্মেলনে অংশ নিতে গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার বুসান যান।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানান, এশিয়া এবং অস্ট্রেলিয়ার অঞ্চলের পক্ষ থেকে ২০১৫ থেকে ২০১৮ সালের জন্য বাংলাদেশ আইটিইউ’র কাউন্সিল সদস্য নির্বাচিত হয়েছে। এই পদের জন্য ভোটাভুটিতে বাংলাদেশ ১১৫ ভোট পেয়ে ১৩টি দেশের মধ্যে ৭ম স্থান অর্জন করেছে।
আইটিইউ’র কাউন্সিল সদস্য নির্বাচিত হওয়ায় প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।
সংস্থাটির পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আইটিইউ’র বার্ষিক সম্মেলনে সংস্থাটির আগামী কমিটি নির্বাচনে ভোট শেষ হয়েছে। চিনের হুলেন ঝাও সংস্থাটির মহাসচিব নির্বাচিত হয়েছেন। ঝাও ১৫২ দেশের সমর্থনে ১৫২টি ভোট পান।
যুক্তরাজ্যের ম্যালকম জনসন ১০৪ ভোট পেয়ে সংস্থাটির উপ-মহাসচিব নির্বাচিত হয়েছেন।
সংস্থাটির ৪৮টি কাউন্সিল সদস্য পদে নির্বাচনের জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তের ৬০টি দেশ ভোটাভুটিতে অংশ নেয়। আমেরিকা অঞ্চলের পক্ষ থেকে আর্জেন্টিনা, ব্রাজিল, কানাডা, কোস্টারিকা, কিউবা, মেক্সিকো, পের্যাগুয়ে, যুক্তরাষ্ট্র ও ভেনিজুয়েলা নির্বাচিত হয়েছে।
পশ্চিম ইউরোপ অঞ্চল থেকে ফ্রান্স, জার্মানি, গ্রিস, ইতালি, লিথুনিয়া, স্পেন, সুইজারল্যান্ড ও তুরস্ক নির্বাচিত হয়েছে।
পূর্ব ইউরোপ ও দক্ষিণ এশিয়া অঞ্চল থেকে আজারবাইজান, বুলগেরিয়া, পোল্যান্ড, রোমানিয়া এবং রাশিয়া নির্বাচিত হয়েছে।
আফ্রিকা অঞ্চল থেকে আলজেরিয়া, বারকিনা ফেসো, মিশর, ঘানা, কেনিয়া, মালি, মরক্কো, নাইজেরিয়া, রুয়ান্ডা, সেনেগাল, তানজানিয়া, তিউনিশিয়া ও উগান্ডা নির্বাচিত হয়েছে।
পূর্ব এশিয়া ও অস্ট্রেলিয়া অঞ্চল থেকে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, চিন, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, কোরিয়া, কুয়েত, পাকিস্তান, ফিলিপাইন, সৌদি আরব, থাইল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরাত নির্বাচিত হয়েছে।
এএইচ





