প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ বলেছেন, কমিশনের বিদ্যমান আইনে পার্বত্য চট্টগ্রামে দ্বৈত ভোটার তালিকা প্রণয়নের কোনো সুযোগ নেই।

রাঙ্গামাটিতে মঙ্গলবার সন্ধ্যায় জেলা সার্ভার স্টেশন পরিদর্শন করার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

কাজী রকিব উদ্দীন আহমদ বলেন, পার্বত্য জেলা পরিষদে পৃথক ভোটার তালিকা প্রণয়ন করে নির্বাচন করা সম্ভব নয়। কারণ এ ব্যাপারে সরকারের কোনো নির্দেশনা নেই। সরকার যদি বিষয়টির ব্যাপারে কোনো নির্দেশনা দেয়, তখন কমিশন সেভাবে কাজ করবে।

সিইসি বলেন, রাঙ্গামাটিতে স্থাপিত সার্ভার স্টেশনটি চালুর জন্য যত তাড়াতাড়ি সম্ভব প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহের ব্যবস্থা নেওয়া হবে। এটি চালু হলে এখানকার মানুষ স্থানীয়ভাবে জাতীয় পরিচয়পত্র পাবেন। এ ছাড়া যে কোনো ভুল সংশোধন ও স্থানান্তরের ক্ষেত্রে সুবিধা ভোগ করতে পারবেন। কেননা, স্থানীয় ভোটারদের জাতীয় পরিচয়পত্র এ সার্ভার স্টেশনেই তৈরি করা হবে।

রাঙ্গামাটিতে নবনির্মিত জেলা নির্বাচন অফিস ও সার্ভার স্টেশন ভবন পরিদর্শন করার সময় তার সঙ্গে জেলা প্রশাসক মো. শামসুল আরেফীন, সদর উপজেলা চেয়ারম্যান অরুণ কান্তি চাকমা, জেলা নির্বাচন কর্মকর্তা মুহম্মদ নাজিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

জেআই