কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর ডিএনএ প্রতিবেদন আজ মঙ্গলবার ময়নাতদন্তকারী বোর্ডকে দেওয়া হবে।

সোমবার রাতে সিআইডি ঢাকার ফরেনসিক বিভাগ থেকে ডিএনএ প্রতিবেদন কুমিল্লা সিআইডি অফিসে এসে পৌঁছায়। কুমিল্লা সিআইডি কার্যালয়ের দায়িত্বশীল একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, আদালতের নির্দেশের পর তনুর ডিএনএ প্রতিবেদনটি দিতে সিআইডি তৎপরতা শুরু করে। মঙ্গলবার প্রতিবেদনটি ময়নাতদন্তকারী বোর্ডপ্রধানকে দেওয়া হবে। সিআইডির এসআই ও তদন্ত কর্মকর্তা গাজী মো. ইব্রাহীম প্রতিবেদনটি কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পৌঁছে দেবেন। সেই সঙ্গে একটি প্রাপ্তি স্বীকারপত্রও তিনি বোর্ডপ্রধান থেকে নেবেন।

এর আগে রোববার বিকেলে কুমিল্লার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়নাব বেগম ডিএনএর পুরো প্রতিবেদনটি দ্বিতীয় ময়নাতদন্তকারী মেডিক্যাল বোর্ডকে দেওয়ার জন্য সিআইডিকে আদেশ দেন। আদালতের ওই আদেশের পরিপ্রেক্ষিতেই সিআইডি ডিএনএ প্রতিবেদনটি মেডিক্যাল বোর্ডকে দেবে।

এ ব্যাপারে দ্বিতীয় ময়নাতদন্ত বোর্ডপ্রধান ডা. কামদা প্রসাদ সাহা বলেন, সিআইডি কখন প্রতিবেদনটি দেবে, তা এখনো জানায়নি। প্রতিবেদনটি পেলে দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদনও দ্রুত দেওয়া যাবে।

প্রসঙ্গত, গত ২০ মার্চ তনুর লাশ কুমিল্লা সেনানিবাসের বাসার কাছে পাওয়া যায়। ২১ মার্চ তনুর লাশের প্রথম ময়নাতদন্ত হয়। এতে মৃত্যুর কারণ নিশ্চিত নয় এবং ধর্ষণের আলামত পাওয়া যায়নি বলে প্রতিবেদনটি দেন ময়নাতদন্তকারী কর্মকর্তা।

পরে আদালতের আদেশে ৩০ মার্চ তনুর লাশ কবর থেকে তোলা হয়। এ পর্যন্ত মেডিক্যাল বোর্ড দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন দেয়নি।

এমবি