উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় মৌসুমী নিম্নচাপ সৃষ্টি হওয়ায় সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে রবিবার থেকে মংলাসহ আশপাশ এলাকায় মুসলধারে বৃষ্টি হচ্ছে। ব্যহত হচ্ছে মংলা বন্দরে অবস্থানরত সকল বানিজ্যিক জাহাজের পন্য ওঠা-নামার কাজ। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলো সুন্দরবনের খাল ও নিরাপদ ন্থানে অবস্থান নিয়েছে ।     

আবহাওয়া অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি সামান্য উত্তর-উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে ঘনীভূত হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৪০ কিলোমিটার, যা’ দমকা অথবা  ঝড়োহাওয়ার আকারে ৫০ কিলোটিমার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। 

উপকুলীয় মৎসজীবি সমিতির সভাপতি শেখ ইদ্রিস আলী জানান, মংলা বন্দরে ৩নং সতর্ক সংকেতের কারনে বঙ্গোপসাগর উত্তাল হয়ে পড়ায় আছড়ে পড়ছে প্রচন্ড ঢেউ। প্রতিকূল আবহাওয়ার কারনে যে সমস্ত ট্রলার মাছ ধরছিল সেগুলোও সাগর ছেড়ে সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে আশ্রয় নিয়েছে। তিনি আরও জানান, ইলিশ মৌসুমের শুরুতেই একদিকে সাগরে দস্যুদের উৎপাত ও বৈরী আবহাওয়ায় সাগরে জাল ফেলতে না পেরে জেলেরা হতাশায় পড়েছেন। বৈরী আবহাওয়ার কারনে ইলিশ ধরা ট্রলারগুলো সুন্দরবনের কচিখালী, সুপতি, শ্যালা, দুবলা, নারকেলবাড়িয়াসহ বনের ছোট ছোট খালে আশ্রয় নিয়েছে।

জেআই