মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ বাজারে এক অগ্নিকাণ্ডে অন্তত ৬৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে স্থানীয় ব্যবসায়ীরা দাবি করেছেন।

বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শাহাদাৎ হোসেন জানান, এখনো অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি।

অগ্নিকাণ্ডে আরএফএল কোম্পানির একটি শোরুম, কয়েকটি ফার্মেসি, থান কাপড়, রেডিমেট পোশাক, হার্ডওয়ারের দোকানসহ ৬৫টি দোকান পুড়ে গেছে।

স্থানীয় ব্যবসায়ী সেলিম হোসেন জানান, ভোরের দিকে বাজারের দোকানগুলোতে আগুন জ্বলতে দেখে প্রথমে স্থানীয়রা তা নেভানোর চেষ্টা করে। পরে খবর পেয়ে মানিকগঞ্জ ও সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

জয়মন্টপ ইউনিয়নের চেয়ারম্যান শাহাদাত হোসেন জানান, অগ্নিকাণ্ডে প্রায় এককোটি টাকার মত ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করছেন।

ইআর