হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় গাছ কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত হয়েছেন।
শুক্রবার (৪ নভেম্বর) সকালে উপজেলার মহিষদুলং গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত অবসরপ্রাপ্ত সেনা সদস্য মোজাম্মিল মিয়া (৬০) ওই গ্রামের সুনাফর উল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সাতকাপন ইউনিয়নের মহিষদুলং গ্রামের চৌধুরী বাড়ির সঙ্গে গাছ রোপণকে কেন্দ্র করে মোজাম্মিল মিয়ার পরিবারের সঙ্গে বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে মোজাম্মেল মিয়া গাছ কাটতে গেলে বাধা দেয় চৌধুরী বাড়ির লোকজন। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন আহত হয়।
সংঘর্ষে গুরুতর আহত মোজাম্মেলকে প্রথমে বাহুবল হাসপাতাল পরে হবিগঞ্জ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুপুরে তিনি মারা যান।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, একজন হাসপাতালে নেওয়ার পথে মারা গেছে শুনেছি। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।
এমই





