টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনায় বন্যা পরিস্থিতি চলছে। গত দুইদিন ধরে ভারি বর্ষণ হওয়ায় সার্বিক বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে জেলার দুর্গাপুর, কলমাকান্দা, সদর উপজেলা, বারহাট্টা, পূর্বধলা, মোহনগঞ্জ ও মদনে প্রায় ৫ লাখ মানুষ।

এদিকে বন্যাকবলিত এলাকায় পর্যাপ্ত পরিমান ত্রাণ সামগ্রি পৌঁছেনি। জেলার সব কটি নদীর পানি বিপদসীমার ওপরে। প্রায় ৪০০ শিক্ষাপ্রতিষ্ঠান সপ্তাহকাল ধরে বন্ধ রয়েছে। এরই মধ্যে মারা গেছে দুই শিশুসহ সাতজন।

এরই মধ্যে বন্যার পানির প্রবল তোড়ে দুর্গাপুর, কলমাকান্দা, পূর্বধলা এবং নেত্রকোনা সদরের প্রায় ৫ হাজার বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। দুর্গাপুরে মাটির তৈরি সকল কাঁচা ঘর সোমেশ্বরী নদীর স্রোতে ভেসে গেছে। জেলায় ৫০ হাজার হেক্টর আমন জমি তলিয়ে গেছে বন্যার পানিতে। ৭-৮ দিন যাবত পানির নিচে থাকায় আমন জমিতে পচন ধরেছে।

পূর্বধলায় পানি উন্নয়ন বোর্ডের রাজাখালী বেড়িবাঁধ ভেঙে পূর্বধলার হুগলা, জারিয়া, ধলামূলগাও, ঘাগড়া ও সবদর উপজেলার মৌগাতী, রৌহা ও কে-গাতী ইউনিয়নের ৮০টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। বন্যাকবলিত সাত উপজেলায় কমপক্ষে ৪০০ শিক্ষাপ্রতিষ্ঠানে পানি প্রবেশ করায় এসব বিদ্যালয়ে শিক্ষাকার্যক্রম বন্ধ হয়ে গেছে।

বন্যাকবলিত এলাকার মানুষ গবাদিপশু নিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও উঁচু স্থানে আশ্রয় নিচ্ছে। তারা পরিবার পরিজন নিয়ে অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছে। প্রয়োজনের তুলনায় ত্রাণ সামগ্রী অপ্রতুল। বন্যার্ত মানুষ ত্রাণের কথা শুনলেই ছুটে যান বিভিন্ন স্থানে।

দুর্গাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক খান জানান, দুর্গাপুরের বাকলজোড়া, গাওকান্দিয়া, কাকৈরগড়া, চণ্ডীগড় এবং দুর্গাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে পানি নামেনি। স্কুল-কলেজ ও উঁচু এলাকায় বন্যার্তরা আশ্রয় নিয়েছে। কোন কাজ না থাকায় শ্রমজীবী মানুষ দুর্ভোগের মধ্যে পড়েছে। দুর্গাপুরে সমস্ত আমন জমি পানিতে তলিয়ে গেছে। বন্যাকবলিত এলাকায় পানীয় জলের অভাবের সঙ্গে সঙ্গে পানিবাহিত রোগও দেখা দিয়েছে। দুর্গত এলাকায় বিদ্যুৎ না থাকায় পরিস্থিতি আরো জটিল আকার ধারণ করেছে।

জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদার জানান, সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ের জন্য ইতিমধ্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্তদের গৃহ নির্মাণের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হবে।

ঢাকা, ২৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই