স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকেরের দাফন সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বাদ আসর (বিকেল সাড়ে ৪টার পর) রাজধানীর বনানী কবরস্থান মসজিদে জানাজা শেষে তাঁকে বনানী কবরস্থানে দাফন করা হয়।
আলী যাকেরের মালিকাধীন বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিক থ্রিসিক্সটির পক্ষ থেকে গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে শেষ শ্রদ্ধা জানানোর জন্য আলী যাকেরের মরদেহ বেলা ১১টায় মুক্তিযুদ্ধ জাদুঘরে নেওয়া হয়। সেখানে এই অভিনেতাকে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়। এরপর তাঁর মরদেহ কিছুক্ষণের জন্য নেওয়া হয় এশিয়াটিক থ্রিসিক্সটির অফিসে। সেখান থেকে বনানী কবরস্থানে নেওয়া হয় লাশ।
বরেণ্য এই অভিনেতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৯৪৪ সালের ৬ নভেম্বর চট্টগ্রামের রতনপুর ইউনিয়নে জন্মগ্রহণ করেন আলী যাকের। ১৯৬০ সালে সেন্ট গ্রেগরি থেকে ম্যাট্রিক পাস করে নটরডেমে ভর্তি হন আলী যাকের। সেখান থেকে ইন্টারমিডিয়েট পাস করেন তিনি। এরপর সমাজবিজ্ঞানে স্নাতক করেন। অনার্স পড়াকালেই ছাত্ররাজনীতিতে যোগ দিয়েছিলেন। ছাত্র ইউনিয়ন করতেন।
এমবি





