সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সোনামুখীতে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ‘সোনামুখী মেলা’।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রায় তিনশ’ বছর ধরে সোনামুখীতে এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। ইছামতি নদীর তীর ঘেঁষে সোনামুখীর এই মেলায় প্রচুর জনসমাবেশ হয়।
মেলার স্থান ঘেঁষে সিরাজগঞ্জ সোনামুখী ভায়া বগুড়ার ধুনট-শেরপুর আন্তঃজেলা সড়ক থাকার কারণে এ মেলার গুরুত্ব অনেক বেশি। আশপাশের এলাকাসহ দেশের বিভিন্ন জেলা থেকে ব্যবসায়ীরা তাদের নানা দ্রব্যসামগ্রী বেচাকেনার উদ্দেশ্যে মেলাতে আসে।
আসন্ন মেলাকে ঘিরে আশপাশের ২০/২২টি গ্রামের লোকজনের মধ্যে সাজ সাজ রব পড়ে গেছে। স্থানীয় লোকজন এই মেলা থেকে তাদের সারা বছরের কাঠ ও স্টিলের আসবাবপত্র, দা, কাঁচি, ছুরিসহ সংসারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী ক্রয় করে থাকে।
এছাড়াও মেলা উপলক্ষে বিভিন্ন সম্প্রদায়ের লোকের মধ্যে তাদের বৌ-ঝি, জামাই আদর আপ্যায়ন, ধুতি, পাঞ্জাবি, জামা-কাপড়, ছাতি, পাটা দেয়া-নেয়া বাঙালি জাতির হারানো ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয়। মেলায় চিত্ত বিনোদনের জন্য যাত্রা, সার্কাস, পুতুল নাচ, বায়োস্কোপসহ নানা বিনোদনের ব্যবস্থা থাকে। মেলার শান্তি শৃংঙ্খলা রক্ষার জন্য মেলা কমিটি পুলিশের পাশাপাশি একটি শক্তিশালী পরিচালনা কমিটি গঠন করেছে।
মেলা পরিচালনা কমিটির সভাপতি সেলিম উদ্দিন জানান, এবারে ঈদ ও শারদীয় দুর্গাপূজা পাশাপাশি সময়ে হওয়ায় মেলার আনন্দের মাত্রা অনেক বেশি হবে।
মেলার আইনশৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে মেলায় আগতদের প্রতি আহ্বান জানান উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও সোনামুখী ইউপি সদস্য উজ্জ্বল কুমার ভৌমিক।
জেআই





